শিরোনাম
বাসস
প্রকাশ: ১৬:২০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: বাসস।
বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারিভাবে বরিশাল জেলার ৬টি আসনের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খাইরুল আলম সুমন।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট।
এদিকে, বিজয়ের পরে নবনির্বাচিত সংসদ সদস্যরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
বরিশাল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন বলেন, “এই বিজয় গৌরনদী-আগৈলঝাড়াবাসীর। মানুষ উন্নয়ন, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে রায় দিয়েছেন। আমি দল-মত নির্বিশেষে সকল মানুষের প্রতিনিধি হয়ে কাজ করবো। শিক্ষা ও কৃষিখাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু ১ লাখ ৪১ হাজার ৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবদুল মন্নান পেয়েছেন ৭৪ হাজার ৮২ ভোট।
বরিশাল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বানারীপাড়া-উজিরপুরের মানুষের পরিবর্তন চান। তিান বলেন, আমি এই বিজয় এলাকার সাধারণ মানুষের প্রতি উৎসর্গ করছি। সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্য দূর করে একটি উন্নত ও নিরাপদ জনপদ গড়তে কাজ করবো।”
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট।
বরিশাল-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, “এ বিজয় গণমানুষের প্রত্যাশার বিজয়। আমি বাবুগঞ্জ-মুলাদীবাসীর আস্থা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো। নদী ভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেওয়া হবে।”
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাজিব আহসান ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আব্দুল জব্বার পেয়েছেন ৭৪ হাজার ৬৮৪ ভোট।
বরিশাল-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাজিব আহসান হিজলা-মেহেন্দীগঞ্জের মানুষের উন্নয়নে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন। যাদের ভোটে নির্বাচিত হয়েছি আমি তাদের প্রতি কৃতজ্ঞ। চরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করবো।”
বরিশাল-৫ (সদর ও মহানগর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩৫ হাজার ১৪৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৫ হাজার ৪৪ ভোট। সরোয়ার ৪০ হাজার ১০২ ভোট বেশি পেয়েছেন।
বরিশাল-৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, “সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। বরিশালবাসী আমাকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছেন—আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। নগর উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সেবা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। এছাড়া তিনি বরিশালের মানুষের কাছে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করার কথা জানান”
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন খান ৮২ হাজার ২১৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. মাহমুদুন্নবী পেয়েছেন ৫৫ হাজার ৯৮৮ ভোট।
বরিশাল-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বলেন, “বাকেরগঞ্জবাসীর এই ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়বদ্ধ করেছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—এলাকার অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন, কৃষি ও মৎস্য খাতের প্রসারে কার্যকর ভূমিকা রাখবো।”
বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খাইরুল আলম সুমন ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করে বাসসকে বলেন, জেলার ৬টি আসন থেকে ফলাফল পাওয়ার পর চূড়ান্ত বার্তা প্রস্তুত করতে সময় লেগেছে। বরিশালে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। বরিশালের ৬টি আসনেই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির শামা ওবায়েদ ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. আকরাম আলী পেয়েছেন ৮৯ হাজার ৩০৫ ভোট।
এই আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ২৫ হাজার ৩৪ টি। 'না' ভোট পড়েছে ৬৭ হাজার ৮ টি।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।