শিরোনাম
দৈনিক আজাদীর সৌজন্যে
প্রকাশ: ১১:০৭, ৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:১৭, ৮ ফেব্রুয়ারি ২০২৬
রাঙামাটিতে ২০টি দুর্গম কেন্দ্র রয়েছে। এসব দুর্গম ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও ভোটগ্রহণকারী কর্মকর্তাদের হেলিকপ্টারযোগে পাঠানো শুরু হয়েছে। আজাদী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি দুর্গম কেন্দ্র রয়েছে। এসব দুর্গম হেলিসর্টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও ভোটগ্রহণকারী কর্মকর্তাদের হেলিকপ্টারযোগে পাঠানো শুরু হয়েছে।
জানা যায়, গতকাল শনিবার সকাল থেকে দুর্গম চারটি কেন্দ্রের জন্য হেলিকপ্টার করে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হয়। এই চারটি কেন্দ্রের মধ্যে রয়েছে–বরকল উপজেলায় দুটি কেন্দ্র, জুরাছড়ি উপজেলায় একটি কেন্দ্র এবং বিলাইছড়ি উপজেলায় একটি কেন্দ্র।
রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, জেলার ২০টি হেলিসর্টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে শনিবার সকাল ৯টা থেকে ব্যালট বাঙসহ ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পাঠানো হয়েছে। ৭ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিনে এই ২০টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হবে।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, রাঙামাটির দশ উপজেলার মধ্যে দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৪১০, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ এবং হিজরা ভোটার ২ জন। জেলার ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি হেলিসর্টি কেন্দ্র। এসব দুর্গম কেন্দ্রের ভোটার সংখ্যা প্রায় ৩০ হাজারের বেশি।
দুর্গম ২০টি ভোটকেন্দ্রের মধ্যে বাঘাইছড়ি উপজেলায় ৬টি, বরকল উপজেলায় ২টি, জুরাছড়ি উপজেলায় ৭টি এবং বিলাইছড়ি উপজেলায় ৫টি কেন্দ্র রয়েছে।