শিরোনাম
বাসস
প্রকাশ: ১৮:১৮, ১৭ মার্চ ২০২৬
নগর ভবন। ছবি: বাসস, ফাইল।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার পরিচ্ছন্নতাকর্মীদের এবং কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে অনুদান বিতরণ করা হয়েছে।
নগর ভবনে আয়োজিত পৃথক দুই অনুষ্ঠানে ডিএসসিসি’র প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ অনুদান বিতরণ করেন।
পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিএসসিসি’র ৪ হাজার ৯৫০ জন কর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রশাসক আনুষ্ঠানিকভাবে এ অর্থ সংশ্লিষ্ট কর্মীদের হাতে তুলে দেন।
এ সময় প্রশাসক পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রধানমন্ত্রী যেমন আপনাদের ঈদ উপহার দিয়েছেন, তেমনি আপনারাও একটি ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ উপহার দিয়ে তার প্রতি দায়িত্ব পালন করবেন।’
অন্যদিকে, ডিএসসিসির নিজস্ব তহবিল থেকে ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যেও ঈদ অনুদান বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় ১ হাজার ৮৭০ জন ইমামকে জনপ্রতি ৩ হাজার টাকা এবং ১ হাজার ৮৭০ জন মুয়াজ্জিনকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে মোট ৮৪ লাখ ১৫ হাজার টাকা দেওয়া হয়।
ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, ‘নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে নাগরিকদের সচেতনতা ও সু-অভ্যাস গড়ে তুলতে ইমামদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।’
ডিএসসিসি প্রশাসক পরিচ্ছন্ন নগর গঠনে এবং জনসচেতনতা তৈরিতে ইমামদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন ।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।