শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭:৩৩, ১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:৩৫, ১ ফেব্রুয়ারি ২০২৬
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি।
ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে যে ত্রিপক্ষীয় আলোচনা রোববার শুরু হওয়ার কথা ছিল, তা আগামী বুধবারের আগে শুরু হচ্ছে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
টেলিগ্রামে এক বার্তায় জেলেনস্কি লিখেছেন, "পরবর্তী ত্রিপক্ষীয় বৈঠকের তারিখ নির্ধারিত হয়েছে: ৪-৫ ফেব্রুয়ারি, আবু ধাবিতে। ইউক্রেন সুনির্দিষ্ট আলোচনার জন্য প্রস্তুত," খবর সুইডেন হেরাল্ডের।
তিনি আরও যোগ করেন, "আমরা এমন একটি ফলাফলের ব্যাপারে আগ্রহী যা আমাদের যুদ্ধের একটি প্রকৃত এবং মর্যাদাপূর্ণ সমাপ্তির কাছাকাছি নিয়ে যাবে।"
গত সপ্তাহান্তে মিয়ামিতে রাশিয়া এবং মার্কিন প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এই বৈঠকের বিস্তারিত তথ্য সামনে এল।
শরৎ এবং শীতকাল জুড়েই বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছিল যে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি শান্তি চুক্তিতে মধ্যস্থতা করার খুব কাছাকাছি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে জোর দিয়ে বলা হয়েছিল যে, এখন কেবল একটি পয়েন্টই বাকি রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এটি সেই কঠিন "আঞ্চলিক ইস্যু" যেখানে রাশিয়া পূর্ব ইউক্রেনের পুরো ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ দাবি করেছে - এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই শর্তে ইউক্রেনের জন্য সমর্থন ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছে যে কিয়েভকে এই দাবিতে রাজি হতে হবে।