ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

পাকিস্তানে শান্তি আলোচনা শুরু

জেডি ভ্যান্সের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

বিবিসি নিউজ বাংলা

প্রকাশ: ১৬:৫২, ১১ এপ্রিল ২০২৬

জেডি ভ্যান্সের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, শরিফ আশা প্রকাশ করেছেন যে এই আলোচনা টেকসই শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করবে।

এর আগে ইরানি প্রতিনিধি দলের সঙ্গেও শরিফের একটি পৃথক বৈঠক হয়েছে।

ইরানের ১০ দফা পরিকল্পনা: আলোচনায় কী আশা করা হচ্ছে?
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আজ অনুষ্ঠিত হতে যাওয়া শান্তি আলোচনার আগে দুই দেশ দুই সপ্তাহের জন্য একটি শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এই সময় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল চালু থাকবে।

ইরান যুক্তরাষ্ট্রের কাছে ১০ দফা পরিকল্পনা পাঠিয়েছে, ‌একে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “আলোচনার জন্য কার্যকর ভিত্তি” বলে বর্ণনা করেছেন।

ইরানের প্রস্তাব বা ওয়াশিংটনের ১৫ দফা পরিকল্পনা, কোনোটিই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, যদিও এসবের কিছু অংশ ফাঁস হয়েছে বলে জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ১০ দফা পরিকল্পনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি পুরো অঞ্চলে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করা, ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার “পূর্ণ প্রতিশ্রুতি”, যুক্তরাষ্ট্রে আটকে থাকা ইরানের অর্থ ও স্থগিত সম্পদ মুক্ত করা, এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠন বাবদ “পূর্ণ ক্ষতিপূরণ” দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
শর্ত পূরণ না হলে আলোচনা বাতিল হতে পারে, বলছে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার এক সংবাদদাতা সতর্ক করে বলেছেন, ইরানের শর্তগুলো পূরণ না হলে আলোচনা বাতিল হয়ে যেতে পারে।

তিনি বলেন, ইরানের স্বার্থ রক্ষা হয় না এমন আলোচনা থেকে সরে আসাও ইরানের জন্য এক ধরনের কূটনৈতিক সাফল্য

ইসলামাবাদ থেকে সরাসরি রিপোর্টিং করা ওই প্রতিবেদক আরো জানান, ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবে।

এরপরই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে সম্ভাব্য বৈঠকের সময়সহ অন্যান্য বিস্তারিত বিষয়ে পরিষ্কার হবে এবং ইতোমধ্যেই সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে বারবার ইরানের শর্ত এবং যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাবের বিষয়টি জোর দিয়ে তুলে ধরা হচ্ছে।

সেখানে আরো বলা হচ্ছে, ইরান এখন তুলনামূলক শক্ত অবস্থানে রয়েছে এবং তাদের শর্ত পূরণ না হলে তারা আলোচনা ছাড়াও এগিয়ে যেতে পারে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন