শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১:৪১, ২১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতীকি ছবি: সংগৃহীত।
জাপানে এপ্রিল মাস থেকে বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। সম্প্রতি বিমানে মোবাইল ব্যাটারিতে আগুন লাগার বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
এই নিষেধাজ্ঞা শুধু স্মার্টফোন চার্জ দেওয়ার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না; বিমানের নিজস্ব পাওয়ার আউটলেট ব্যবহার করে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়ার ওপরও এটি কার্যকর হবে, খবর জাপান টুডে’র।
ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত জুলাই মাস থেকে যাত্রীদের ওভারহেড কম্পার্টমেন্টে পাওয়ার ব্যাংক না রেখে হাতের কাছে রাখার অনুরোধ জানিয়ে আসছিল। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এখন আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
মন্ত্রণালয়ের তথ্যমতে, পাওয়ার ব্যাংকে ব্যবহৃত লিথিয়াম- আয়ন ব্যাটারিগুলো শারীরিক আঘাত বা দীর্ঘদিনের ব্যবহারের ফলে কার্যক্ষমতা হারালে হঠাৎ জ্বলে উঠতে পারে।
বর্তমানে নিয়ম অনুযায়ী পাওয়ার ব্যাংক চেক-ইন ব্যাগেজে বহন করা নিষিদ্ধ এবং হ্যান্ড ব্যাগেজে বহনের ক্ষেত্রেও এর সংখ্যা ও ক্ষমতার ওপর নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে এয়ার বুসান কোং পরিচালিত একটি সস্তাভাড়া বা এলসিসি (LCC) বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যার কারণ হিসেবে একটি ত্রুটিপূর্ণ পাওয়ার ব্যাংককে দায়ী করা হয়।