শিরোনাম
বাসস
প্রকাশ: ১৪:২৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার সংসদীয় দলের সভা কক্ষে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: বিএনপি মিডিয়া সেল
সংসদে শপথ নেওয়ার দিনই বড় একটি সিদ্ধান্ত নিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, দলীয় কোনো সংসদ সদস্য ডিউটি-ফ্রি সুবিধায় গাড়ি নেবেন না এবং সরকারি বরাদ্দের কোনো প্লট গ্রহণ করবেন না।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) রাজধানীর সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের পরপরই দলটির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপি সাংসদরা সরকারি প্লট ও ডিউটি-ফ্রি গাড়ি নেবেন না এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান ।
তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক নৈতিকতার প্রশ্নকে সামনে রেখেই সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত এসেছে।’
এর আগে সকাল পৌনে ১১টায় বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদে শপথ নেন। দলীয় প্রধান তারেক রহমানসহ নির্বাচিত সদস্যরা সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেন। শপথের মাধ্যমে নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশের পাশাপাশি সংসদীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
বৈঠকে উপস্থিত বিএনপির এক নেতা জানিয়েছেন, সংসদীয় দলের বৈঠকে সরকারে বা বিরোধী দলে যে ভূমিকাই থাকুক না কেন, সংসদে সক্রিয় উপস্থিতি, জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে দৃঢ় অবস্থান এবং রাজনৈতিক শালীনতা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়েছে।
একই সঙ্গে দলীয় এমপিদের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।
নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত
নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য ৫০টি গাড়ি ও চালক প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।

অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাজমুল হুসেইন খাঁন স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা মতে নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য এই সব যানবাহন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।
বরাদ্দকৃত ৫০টি যানবাহনের মধ্যে ৩০টি ‘ক্যামরি’ ও ২০টি ‘ল্যান্সার’ মডেলের গাড়ি রয়েছে। প্রতিটি গাড়ির সঙ্গে একজন করে চালক নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের নাম ও মোবাইল নম্বর সংশ্লিষ্ট দপ্তরে তালিকাভুক্ত করা হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, সকল গাড়ি চালককে আজ সকালের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকার গঠন ও রাষ্ট্রাচার অধিশাখা’র উপ-সচিবের নিকট রিপোর্ট করার জন্য বলা হয়েছে।
এই আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।
তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত
আজ মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে সংসদীয় দলের সভা কক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। ছবি: সংগৃহীত
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে সংসদীয় দলের সভা কক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠক বসে।
বৈঠকে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
এর আগে সকাল পৌনে ১১টার দিকে শপথ নিয়েছেন তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। শপথ নেয়ার পর সংসদ সদস্যরা শপথপত্রে সই করেন। এরপর বৈঠকে বসেন তারা।
শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা অংশ নেন।
এদিকে আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।