শিরোনাম
বাসস
প্রকাশ: ২০:২৫, ১৮ মার্চ ২০২৬
প্রতীকি ছবি: সংগৃহীত।
মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে জানানো হয়, ১০ মার্চ থেকে স্থাপিত এই নিয়ন্ত্রণ কক্ষ আগামী ২৪ মার্চ পর্যন্ত টানা ২৪ ঘণ্টা, সপ্তাহের সাতদিন কার্যক্রম চালাবে। সংকটময় পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, নিয়ন্ত্রণ কক্ষটি রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের লিফট-৭ এ স্থাপন করা হয়েছে। এখানে তিন শিফটে মোট ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী পালাক্রমে দায়িত্ব পালন করবেন, যাতে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করা যায়।
প্রবাসীদের জন্য নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের জন্য টোল-ফ্রি হটলাইন চালু রয়েছে। দেশের ভেতর থেকে ১৬১৩৫ নম্বরে এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।
নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এছাড়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজন অনুযায়ী বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে সমন্বয় করবেন। পাশাপাশি নির্ধারিত ছক অনুযায়ী তথ্য সংগ্রহ করে নিয়মিতভাবে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেবেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসীদের সহায়তা জোরদার করতে সরকার এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে, যাতে জরুরি প্রয়োজন, তথ্য সহায়তা এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।