ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬

৫ শ্রাবণ ১৪৩৩, ০৩ সফর ১৪৪৮

এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাম্পবেলের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০:২৯, ৭ এপ্রিল ২০২৬

এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাম্পবেলের পদত্যাগ

প্রতীকি ছবি: সংগৃহীত।

এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাম্পবেল উইলসন পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিভিন্ন সূত্রের বরাতে এই তথ্য জানা গেছে। ২০২২ সালে পাঁচ বছরের চুক্তিতে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল এবং ২০২৭ সালের জুলাই পর্যন্ত তার মেয়াদ ছিল।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের বাজেট ক্যারিয়ার 'স্কুট'-এর সাবেক এই প্রধান গত তিন দশকে বিমান চলাচল শিল্পে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়ার মালিকানা নেওয়ার পর দীর্ঘদিনের অবনতি কাটিয়ে উঠতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, খবর ডেকান ক্রনিকল ও সিএনবিসি নিউজের।

তবে সম্প্রতি ইন্ডিগো তাদের নতুন সিইও হিসেবে অভিজ্ঞ উইলি ওয়ালশকে নিয়োগ দেওয়ার পরপরই উইলসনের এই সরে দাঁড়ানোর খবর সামনে এল।

রয়টার্সের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকেই এয়ার ইন্ডিয়ার বোর্ড নতুন সিইও-র সন্ধান করছিল। ক্যাম্পবেল উইলসনের অধীনে এয়ার ইন্ডিয়া তাদের ইঞ্জিনিয়ারিং বিভাগ সংস্কার এবং পুরনো বিমানগুলো নতুন করে সাজানোর মতো প্রাথমিক ধাপগুলো পার করলেও, বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে বিমান সরবরাহ বিলম্বিত হওয়া এবং সুরক্ষা বিধি লঙ্ঘনের দায়ে নিয়ন্ত্রক সংস্থার কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে এয়ারলাইনটিকে। উদাহরণস্বরূপ, এয়ারওয়ার্দিনেস সার্টিফিকেট বা উড্ডয়ন যোগ্যতা সনদ ছাড়াই একটি বিমান আটবার চালানোর মতো ঘটনাও ঘটেছে।

আর্থিক দিক থেকেও এয়ার ইন্ডিয়া বর্তমানে কঠিন সময় পার করছে। ২০২৪-২০২৫ অর্থবছরে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সম্মিলিতভাবে প্রায় ৯৮.০৮ বিলিয়ন রুপি (১.০৫ বিলিয়ন ডলার) লোকসান গুনেছে। পাকিস্তানের আকাশপথ ব্যবহার নিষিদ্ধ হওয়া এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার ফলে তাদের পশ্চিমা রুটগুলোতেও বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

উইলসন বর্তমানে ছয় মাসের নোটিশ পিরিয়ডে আছেন এবং উত্তরসূরি না পাওয়া পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন। বর্তমানে এয়ার ইন্ডিয়ার ১৯১টি বিমান রয়েছে এবং তারা আরও ৫০০টিরও বেশি বিমানের অর্ডার দিয়ে রেখেছে। টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এই এয়ারলাইনেরও চেয়ারম্যান এবং এতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ২৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন