শিরোনাম
বাসস
প্রকাশ: ২০:২১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২০:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির নির্বাচনোত্তর প্রেস ব্রিফিংয়ে সূচনা বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : বাসস
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রেরই বিজয় হয়েছে।’
তিনি বলেন, ‘দেশের মানুষ যে পরিবর্তন চায়, তা হলো উন্নয়নের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, রাজনীতির গণতান্ত্রিকীকরণের পরিবর্তন এবং অর্থনীতির গণতান্ত্রিকীকরণে পরিবর্তন। এই নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রেরই বিজয় হয়েছে।’
শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে বিএনপির নির্বাচনোত্তর এক প্রেস ব্রিফিংয়ে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, এই নির্বাচন প্রমাণ করেছে যে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যেমন ঐক্যবদ্ধ, তেমনিভাবে দেশের ১৮ কোটি মানুষও আজ ঐক্যবদ্ধ।
বিগত দিনের দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ২০ হাজার নেতাকর্মীকে হত্যা, ১৭ শ’ নেতাকর্মীকে গুম এবং জুলাই-আগস্টে প্রায় দুই হাজার ছাত্র, নারী ও শিশুর রক্তের বিনিময়ে আমরা আজ একটি গণতান্ত্রিক অধ্যায়ে ফিরে যাওয়ার প্রধান ফটক অতিক্রম করতে চলেছি।’
এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, ‘যিনি আর কয়েকদিনের মধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে চলেছেন, সেই তরুণ নেতা বাংলাদেশের মানুষকে একটি পরিবর্তিত, স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। আসুন, আমরা আমাদের এই তরুণ নেতা তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করি। বাংলাদেশের যে নতুন সূর্য উদিত হয়েছে সেই সূর্যের আলোয় আলোকিত হয়ে সত্যিকার অর্থেই একটি শান্তির, ভালোবাসার ও গণতন্ত্রের বাংলাদেশ আমরা গড়ে তুলি।’
সংবাদ সম্মেলনের শুরুতে তিনি উপস্থিত দেশি-বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ ও স্বাগত জানান।
সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
বিএনপিকে জার্মানির অভিনন্দন, ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারের অঙ্গীকার
নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আজ অভিনন্দন জানিয়েছে জার্মানি। একই সঙ্গে তারা বাংলাদেশের ভোটারদের অর্থবহ গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশংসা করে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছে।
ঢাকাস্থ জার্মান দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানাই’।
নির্বাচনী প্রক্রিয়ায় বাংলাদেশের জনগণের সক্রিয় অংশগ্রহণেরও প্রশংসা করেছে জার্মান সরকার।
বিবৃতিতে আরও বলা হয়, ‘নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক সম্পৃক্ততার যে অর্থবহ প্রকাশ ঘটেছে, তার জন্য আমরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই এবং নবনির্বাচিত সকল সংসদ সদস্যকে অভিনন্দন জানাই।’
নবনির্বাচিত নেতৃত্বের অধীনে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে জার্মানি।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং গণতান্ত্রিক সংস্কার ও উন্নয়নের পথে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখতে নতুন সরকার ও জাতীয় সংসদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছে জার্মানি।