শিরোনাম
বাসস
প্রকাশ: ২২:৫৭, ২১ মার্চ ২০২৬
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। বাসস।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি যাত্রীসেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কর্তব্যরত কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
শনিবার বিমানবন্দর পরিদর্শনে গেলে মন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং যাত্রীসেবা আরও সহজ ও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ঈদ আনন্দ ভাগ করে নিতে মন্ত্রী বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং তাদের ঈদের শুভেচ্ছা জানান।
একই সঙ্গে তিনি বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের সাথেও সরাসরি শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শন শেষে মন্ত্রী বিমানবন্দরের বর্তমান ব্যবস্থাপনা ও সেবার মানে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘যাত্রীসেবার এই ইতিবাচক ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেবিচক-এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।