বাসস
প্রকাশ: ২২:১৭, ৬ এপ্রিল ২০২৬
টেকনাফ স্থলবন্দর। ছবি: সংগৃহীত।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদীসংলগ্ন স্থলবন্দর পরিদর্শন শেষে অনুষ্ঠিত বৈঠকে এ ঘোষণা দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
তিনি জানান, ‘স্থলবন্দর পুনরায় সচল করতে কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে আমরা ব্যবসায়ী, বিজিবি, কোস্ট গার্ডসহ সবার সঙ্গে আলোচনা করেছি। এ ছাড়া সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস, এনবিআরসহ সব স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলে জনগণের দাবির প্রেক্ষিতে আজ থেকে এই কার্যক্রম পুনরায় সচল করা হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বাণিজ্য কার্যক্রম চালিয়ে যেতে চাই। মিয়ানমার ও বাংলাদেশ সরকারের মধ্যে সমন্বয়ের মাধ্যমেই সীমান্ত বাণিজ্য পরিচালিত হবে। সেই ভিত্তিতেই টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।’
এ দিকে টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুহাম্মদ মানজারুল মান্নান জানান, বন্দর আনুষ্ঠানিকভাবে খোলা থাকলেও কিছু নিরাপত্তা ঘাটতি ছিল। তবে বর্তমানে পণ্য আমদানি-রফতানিতে আর বড় কোনো বাধা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পুনরায় বন্দর কার্যক্রম সচল করা হয়েছে।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম প্রমুখ উপস্থিত ছিলেন।