বাসস
প্রকাশ: ১৯:২৭, ৩০ মার্চ ২০২৬
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দুপুর ১২টায় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম-এর সহধর্মিণী দিলারা হাফিজের নামাজে জানাজায় অংশ নেন।’
জাতীয় সংসদ সচিবালয় মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মুফতি মো. আবু রায়হান জানাজার নামাজ পরিচালনা করেন।
জানাজার আগে মরহুমা দিলারা হাফিজের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আবেগাপ্লুত কণ্ঠে তাঁর ৫৬ বছরের দাম্পত্য জীবনের স্মৃতিচারণ করেন। তিনি শিক্ষক ও প্রশাসক হিসেবে দিলারা হাফিজের অবদান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, তাদের দুজনেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেন।
জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রতিনিধি, বিএনপি নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা দিলারা হাফিজের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে মরহুমার বিদেহী আত্মার চির শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার পর দিলারা হাফিজকে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয়।
জানাজায় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, বিরোধীদলীয় নেতা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভোলা-৩ আসনের আপামর জনসাধারণসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক এবং ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজ গত ২৮ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।