শিরোনাম
বাসস
প্রকাশ: ২১:০৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬
মাওলানা হাবিবুর রহমান। ফাইল ছবি
সিলেট সিটি করপোরেশন ও সিলেট সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান মাস্টার প্ল্যানের মাধ্যমে পরিকল্পিত নগর গড়ে তোলার কথা বলেছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব পরিকল্পনার কথা ব্যক্ত করেন।
সিলেট সিটি করপোরেশন ও সিলেট সদর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট-১ এ আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হয়েছেন জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। তিনি পেশায় একজন ব্যবসায়ী। ইবনে সিনা হাসপাতাল লিমিটেড এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়া অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যবসায় তাঁর সংশ্লিষ্টতা রয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
তার সাক্ষাৎকার নিয়েছেন বাসসের সিলেট জেলা সংবাদদাতা শুয়াইবুল ইসলাম।
বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনের প্রতিশ্রুতি কী?
মাওলানা হাবিবুর রহমান: সিলেট-১ আসন দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। ঐতিহাসিকভাবে দেখা যায় এই আসনে যে দলের লোক সংসদ সদস্য নির্বাচিত হন সেই দল সরকার গঠন করে। সিলেটে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। বাহ্যিকভাবে সিলেটের সমস্যাগুলো সেভাবে সামনে না এলেও এখানে সড়ক যোগাযোগের সমস্যা অত্যন্ত প্রকট। এছাড়াও ড্রেনেজ সমস্যা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস এবং নদী তীরবর্তী এলাকায় ভাঙন সমস্যা। কাঠামোগতভাবে এই সমস্যাগুলোর সমাধান না করে সিলেটের উন্নয়ন সম্ভব না। তাই এসব সমস্যাগুলোর সমাধান করবো। শহরকে পরিকল্পিতভাবে গড়ে তুলবো।
সিলেটের খনিজসম্পদ গ্যাস সারাদেশের ৪০ শতাংশ চাহিদা মেটায়। কিন্তু সিলেটের ঘরে ঘরে গ্যাস নেই। এটা একটা দুঃখজনক বিষয়। তাই আমরা সিলেটবাসীর এই দুঃখ লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবো।
আল্লাহ সুযোগ দিলে নির্বাচিত হলে সিলেটের সড়ক, রেল ও বিমানযোগাযোগ সমস্যা চিহ্নিত করে মাস্টারপ্ল্যানের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ঠিকমতো সমাধান করা গেলে সিলেটের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ।
সিলেটের ধর্মীয় ব্যক্তি, সুফি-সাধক হজরত শাহজালাল ও শাহপরান (রহ.) এর মাজারে প্রতিবছর কয়েক লাখ মানুষ আসে। প্রাকৃতিক সম্পদ যেমন সাদাপাথর, জাফলংসহ বিভিন্ন সৌন্দর্য্য দেখতে মানুষ বছরে সিলেটে ২১ লাখ লোক সিলেটে আসে। এসব প্রাকৃতিক সম্পদের উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
বাসস: নির্বাচনের আচরণবিধি মানার ব্যাপারে আপনার নির্দেশনা কী?
মাওলানা হাবিবুর রহমান: আমি আমার নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মানার ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছি। নির্বাচন একটি উৎসব। এই উৎসব দেশ ছাড়িয়ে প্রবাসেও পৌঁছে গেছে। অনেক প্রবাসী ভোটের উৎসবে অংশ নিতে দেশে ছুটে এসেছেন। তাই এ উৎসব যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে জন্য আমরা যারা নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছি সবারই সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন।
বাসস: গণভোট নিয়ে আপনার অবস্থান কী?
মাওলানা হাবিবুর হরমান: সারাদেশের জনগণ জুলাই সনদের ব্যাপারে ঐক্যবদ্ধ। আমরা মনে করি ৮০ ভাগ ভোট ‘হ্যা’ এর পক্ষে পড়বে।
বাসস: আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
মাওলানা হাবিবুর হরমান: শহরটাকে পরিকল্পিতভাবে গড়ে তোলার প্রত্যাশা রয়েছে। এছাড়াও এলাকায় কাঠামোগতভাবে সমস্যাগুলো সমাধান করবো।
সিলেট সিটি করপোরেশন ও সিলেট সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এবারের নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। এর মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ও জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। দু’জন প্রার্থীই প্রতিদিন শহর ও গ্রামের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন, গণসংযোগ, পথসভা করছেন এবং নাগরিক সমস্যা সমাধানে নানা পরিকল্পনার কথা জানাচ্ছেন।