শিরোনাম
বাসস
প্রকাশ: ২০:৪৫, ৪ মার্চ ২০২৬ | আপডেট: ২০:৪৬, ৪ মার্চ ২০২৬
ছবি: বাসস
অমর একুশে বইমেলার সপ্তম দিনে আজ নতুন বই এসেছে ৮১টি। দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত মেলা চলছে।
বিকেল ৩ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : সন্জীদা খাতুন শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
ভীষ্মদেব চৌধুরীর সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন মফিদুল হক। আলোচনায় অংশ নেন মোহাম্মদ আজম।
মফিদুল হক বলেন, সন্জীদা খাতুনের পরিচিতি ও অবদান কোনো একক অভিধায় চিহ্নিত করা মুশকিল। সমাজ ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে তিনি যেভাবে বিচরণ করেছেন, মানুষের ও সমাজের অন্তরে যে ছাপ রেখে গেছেন, তা একটি সামগ্রিক বিবেচনা দাবি করে।
তিনি বলেন, জীবনে গড়ে ওঠার মধ্য দিয়ে সংস্কৃতির যে সুষমা তিনি তৈরি করেছিলেন, তা জীবনজুড়ে নানাভাবে নির্মাণ করেছিলেন। এক ভিন্নতর সত্তা।
মফিদুল হক আরো বলেন, সবচেয়ে বড় কথা তাঁর জীবনসাধনায় আত্মবিকাশের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে ছিল সমষ্টিবিকাশের ভাবনা। তাঁর ব্যক্তিত্বের বহুমাত্রিকতা নির্মিত হয়েছে কর্মের বিস্তার এবং জীবনভর বহুমুখী সাধনার দ্বারা। ফলে, অর্জন করেছিলেন এবং বহিরঙ্গে ধারণ করেছিলেন তা তিনি অন্তরাত্মায়ও পোষণ করতেন। ভেতরে বাইরে এমন এক সাযুজ্য তিনি গড়ে তুলতে পেরেছিলেন, যা তাঁকে ব্যতিক্রমী ব্যক্তিত্বময়ী রূপ দিয়েছিল।
অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, সন্জীদা খাতুন একটি পরিপূর্ণ, মার্জিত ও সম্ভ্রান্ত জীবনযাপন করেছেন। তাঁর ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য ছিল নিবিষ্টলিপ্ততা। তিনি গান সম্পর্কে আলোচনা করতে এবং বিশদ ব্যাখ্যা-বিশ্লেষণ করতে পছন্দ করতেন।
তিনি বলেন, সন্জীদা খাতুন তাঁর শিক্ষকসত্তার সঙ্গে প্রাবন্ধিকসত্তা, সমালোচকসত্তা ও বিশ্লেষকসত্তা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। নিঃসন্দেহে সংগীতের সামগ্রিক চর্চা, সংগীতের প্রাতিষ্ঠানিকীকরণ ও সামাজিকীকরণ তাঁর বহুমুখী অবদানগুলোর মধ্যে সর্বাগ্রে স্থান পাবে।
অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী বলেন, সন্জীদা খাতুন তাঁর দীর্ঘ কর্মময় জীবনে যা কিছু আত্মস্থ করেছেন, তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন। সংকল্প, প্রত্যয় ও দায়বদ্ধতার ব্যাপারে তিনি কখনো আপস করেননি। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক নাসিমা আনিস।
বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করা হয়।
আগামীকাল ৫ মার্চ বৃহস্পতিবার মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।
বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে আয়োজন থাকবে জন্মশতবর্ষ: সুকান্ত ভট্টাচার্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন সুমন সাজ্জাদ। আলোচনায় অংশ নেবেন আহমেদ মাওলা। সভাপতিত্ব করবেন আবদুল হাই শিকদার। বিকেল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।