শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩:০১, ১৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:০২, ১৭ জানুয়ারি ২০২৬
প্রতীকি ছবি: উইকিপেডিয়ার সৌজন্যে।
ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ ১১ জন আরোহীসহ নিখোঁজ হওয়া একটি ছোট যাত্রীবাহী বিমানের সন্ধানে তল্লাশি চালাচ্ছে বলে উদ্ধারকারী কর্মকর্তারা এএফপি-কে জানিয়েছেন।
মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের এই টার্বোপ্রপ বিমানটি ইয়োগিয়াকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিমানটিতে তিনজন যাত্রী এবং আটজন ক্রু সদস্য ছিলেন, খবর ডেইলী সাবাহ’র।
দুপুর ১টার কিছু সময় পর বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, মাকাসারের সীমান্তবর্তী মারোস রিজেন্সির একটি পাহাড়ি এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে, যেখানে বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল।
তিনি আরও জানান, বিমানবাহিনী, পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা স্থল ও আকাশপথে এই তল্লাশি অভিযানে অংশ নিচ্ছেন। মাকাসার উদ্ধার সংস্থার অপারেশন প্রধান অ্যান্ডি সুলতান জানিয়েছেন, বিমানটি খুঁজে পেতে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে।
এদিকে বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সভিত্তিক সংস্থা এটিআর জানিয়েছে যে, তাদের একটি বিমানের দুর্ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, এটিআর বিশেষজ্ঞরা ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অপারেটর দ্বারা পরিচালিত তদন্তে পূর্ণ সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশাল দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া হাজার হাজার দ্বীপের মধ্যে যোগাযোগের জন্য মূলত বিমান চলাচলের ওপর নির্ভর করে। তবে দেশটির বিমান নিরাপত্তার রেকর্ড বেশ দুর্বল এবং সাম্প্রতিক বছরগুলোতে সেখানে বেশ কয়েকটি প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছে।
গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কালিমান্তান প্রদেশে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ছয়জন যাত্রী এবং দুইজন ক্রুসহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়, যাতে আরোহী সবার মৃত্যু হয়। এর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পাপুয়া জেলার দুর্গম ইলাগা এলাকায় আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন নিহত হন।