শিরোনাম
বাসস
প্রকাশ: ১০:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
অ্যান-ক্লেয়ার লিজেন্ড্রে একজন পেশাদার কূটনীতিক। ছবি: ইউরো নিউজের সৌজন্যে।
এতদিন ইমানুয়েল ম্যাক্রোঁর উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা অ্যান-ক্লেয়ার লিজেন্ড্রে আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউটের (আইএমএ) নতুন প্রধান হিসেবে ‘ফরাসি সংস্কৃতিতে আরব ধারাকে’ তুলে ধরার অঙ্গীকার করেছেন। তিনি জ্যাক ল্যাং-এর স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি জেফরি অ্যাপস্টাইনের সাথে সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার পর এই পদ থেকে পদত্যাগ করেন।
অ্যান-ক্লেয়ার লিজেন্ড্রে একজন পেশাদার কূটনীতিক। তিনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে দুই বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন এবং কুয়েত ও ইয়েমেনসহ বিভিন্ন ফরাসি দূতাবাসে কাজ করেছেন, খবর ইউরো নিউজের। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সাথে কাজ করার সময় তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ফ্রান্সের পদক্ষেপে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট আইএমএ-র পরিচালনা পর্ষদের কাছে লিজেন্ড্রের নাম প্রস্তাব করেন এবং সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন।
অন্যদিকে, সাবেক সংস্কৃতি মন্ত্রী জ্যাক ল্যাং দশ দিন আগে পদত্যাগ করেন। জেফরি অ্যাপস্টাইনের সাথে আর্থিক সম্পর্ক ও অন্যান্য বিষয়ে তাকে এখন তদন্তকারী কর্তৃপক্ষের মুখোমুখি হতে হবে। জানা গেছে, ২০১৬ সালে তার মেয়ে ক্যারোলিন ল্যাং এই মার্কিন ব্যবসায়ীর সাথে মিলে ইউএস ভার্জিন আইল্যান্ডসে একটি অফশোর কোম্পানি গঠন করেছিলেন। বর্তমানে জ্যাক এবং ক্যারোলিন ল্যাং উভয়েই কর ফাঁকি এবং অর্থ পাচারের অভিযোগে তদন্তের আওতায় রয়েছেন।
লিজেন্ড্রের নিয়োগের পর জ্যাক ল্যাং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এই সিদ্ধান্তকে ‘চমৎকার খবর’ বলে অভিহিত করেছেন এবং নতুন প্রধানের মেধার প্রশংসা করেছেন।