ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫:২০, ১১ এপ্রিল ২০২৬
শিগগিরই বাজারে আসছে নতুন মডেলের ইভি হোন্ডা।
হোন্ডা মোটর কোম্পানি শুক্রবার জানিয়েছে যে, তারা মে মাসের শেষের দিকে জাপানে একটি নতুন কমপ্যাক্ট ইলেকট্রিক ভেহিকল (ইভি) বাজারে আনতে যাচ্ছে। গাড়িটিতে শক্তিশালী অ্যাক্সিলারেশন মোড এবং কৃত্রিম ইঞ্জিন সাউন্ড থাকবে, যা চালককে একটি ইঞ্জিন-চালিত গাড়ি চালানোর অনুভূতি দেবে।
'সুপার-ওয়ান' নামের এই গাড়িটির ওজন ১,০৯০ কেজি। জাপানি এই অটোমেকার কোম্পানিটির দাবি অনুযায়ী, একটি ইলেকট্রিক গাড়ির হিসেবে এটি 'অসাধারণ হালকা'। গাড়িটি একবার চার্জে ২৭৪ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। তবে গাড়িটির দাম কত হবে তা পরবর্তীতে জানানো হবে।
অন্যান্য গাড়ি নির্মাতারা যেখানে একবার চার্জে ৪০০ কিলোমিটারের বেশি চলে এমন ইভি বাজারে আনছে, সেখানে হোন্ডা জানিয়েছে যে তারা ওজন কমানোর জন্য ইচ্ছা করেই রেঞ্জ সীমিত রেখেছে এবং ছোট ব্যাটারি ব্যবহার করেছে।
গাড়িটির উন্নয়ন কাজের দায়িত্বে থাকা হিদেতোমো হোরিতা এক টেস্ট-রাইড অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, "আমরা ব্যবহারের উপযোগিতা এবং খরচের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছি। কারণ রেঞ্জ বাড়াতে হলে বড় ব্যাটারির প্রয়োজন হয়, যা শেষ পর্যন্ত গাড়ির দাম বাড়িয়ে দেয়।"
আগামী বৃহস্পতিবার থেকে জাপানের ডিলার পয়েন্টগুলোতে হোন্ডা প্রি-অর্ডার নেওয়া শুরু করবে। পরবর্তীতে ব্রিটেন, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে মডেলটি লঞ্চ করার পরিকল্পনা রয়েছে।
মোটর চালিত এই গাড়িটিতে পাঁচটি ভিন্ন ড্রাইভিং মোড থাকবে। এর মধ্যে 'বুস্ট' অপশনটি আউটপুট সর্বোচ্চ ৭০ কিলোওয়াট (প্রায় ১০০ হর্সপাওয়ার) পর্যন্ত বাড়িয়ে দেবে এবং একটি 'হাই-টর্ক' অনুভূতি প্রদান করবে।
গাড়ির ভেতরের স্পিকারগুলো এমনভাবে বসানো হয়েছে যা একটি স্পোর্টস কারের মতো কৃত্রিম ইঞ্জিন সাউন্ড তৈরি করবে। এছাড়া মিটারে থাকা ভার্চুয়াল ট্যাকোমিটার ইঞ্জিনের গতি প্রদর্শন করে চালককে এক অনন্য অভিজ্ঞতা দেবে খবর জাপান টুডে’র।
হোরিতা বলেন, "আমরা চালকদের আনন্দ দেওয়ার ধারণা নিয়ে গাড়িটি তৈরি করেছি। আমরা চাই তারা যেন কেবল ড্রাইভিং নয়, বরং ভ্রমণের পুরো সময়টাই উপভোগ করেন।"
কোম্পানিটি জানিয়েছে, তাদের মূল লক্ষ্য মূলত ৫০ বছর বা তার বেশি বয়সী গ্রাহকরা, যাদের বড় গাড়ির আর প্রয়োজন নেই কিন্তু তারা এখনও ড্রাইভিংয়ের আনন্দ উপভোগ করতে চান।