শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:২৫, ২০ মার্চ ২০২৬ | আপডেট: ০৯:৩১, ২০ মার্চ ২০২৬
প্রতীকি ছবি: সংগৃহীত।
মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন থাকায় ওয়াল স্ট্রিটের অস্থিরতার রেশ ধরে শুক্রবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ার বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে।
ইসরায়েল কর্তৃক ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলার প্রতিশোধ নিতে গত বৃহস্পতিবার ইরান কাতারের বিশ্বের বৃহত্তম গ্যাস প্ল্যান্টে হামলা চালায়। এই হামলার ফলে আগামী কয়েক বছরের জন্য জ্বালানি সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে, খবর সিএনবিসি’র।
কাতারএনার্জির সিইও সাদ আল-কাবি জানিয়েছেন, ইরানি হামলার কারণে দেশটির এলএনজি (LNG) রপ্তানি সক্ষমতা আগামী তিন থেকে পাঁচ বছরের জন্য ১৭% হ্রাস পেয়েছে।
মধ্যপ্রাচ্যজুড়ে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস অবকাঠামোতে এই পাল্টা পাল্টি হামলার ফলে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাসের দাম ১.৫% বেড়ে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে ৩.১১২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, এপ্রিলের ডেলিভারির জন্য নাইমেক্স আরবিওবি (Nymex RBOB) গ্যাসোলিনের দাম প্রায় ১% বেড়ে ৩.১৩ ডলারে পৌঁছেছে, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ।
তবে তেলের দাম কিছুটা কমেছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২% কমে ব্যারেল প্রতি ১০৬.৪৫ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম ১.৫৬% কমে ৯৪.৬৪ ডলার হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব আশঙ্কা করছে যে সরবরাহে এই বিঘ্ন এপ্রিলের শেষ পর্যন্ত অব্যাহত থাকলে তেলের দাম ব্যারেল প্রতি ১৮০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
আঞ্চলিক এই যুদ্ধের প্রভাব ধাতব বাজারেও পড়েছে। সোনা ও রুপার দাম যথাক্রমে প্রায় ৫% ও ১০% কমে গিয়েছিল, যদিও পরে তা কিছুটা সামলে ওঠে।
প্রবীণ বিনিয়োগকারী ও ইয়ার্ডেনি রিসার্চের প্রেসিডেন্ট এড ইয়ার্ডেনি শুক্রবার এক নোটে বলেন, অধিক লেনদেনের মধ্যে সোনার দামের এই পতন ‘প্যানিক সেলিং’ বা আতঙ্কিত হয়ে বিক্রির ইঙ্গিত দেয়। তবে তিনি আশা করছেন এই দরপতন দ্রুতই সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে স্থিতিশীল হবে।
উদ্বেগ প্রশমনের চেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি কোনো পদাতিক সৈন্য মোতায়েন করছেন না। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে ইসরায়েল ইরানের জ্বালানি স্থাপনায় পুনরায় হামলা চালানো থেকে বিরত থাকবে।
ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি এবং জাপানসহ মার্কিন মিত্র দেশগুলো একটি যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।
অস্ট্রেলিয়ার S&P/ASX 200 সূচকের পতন বেড়ে ০.৪% হয়েছে। হংকংয়ের হ্যাং সেং সূচক ০.৬১% কমেছে, তবে চীনের মূল ভূখণ্ডের CSI 300 সূচক ০.৪১% বেড়েছে।
হ্যাং সেং টেক ইনডেক্স ১.৭% কমেছে, যেখানে শাওমি (Xiaomi) কর্পোরেশনের শেয়ার সর্বোচ্চ ৬.৮% পর্যন্ত পড়ে যাওয়ায় বড় ধরণের প্রভাব পড়েছে। কোম্পানিটি তাদের নতুন ইলেকট্রিক কার মডেল উন্মোচন এবং আগামী তিন বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) উন্নয়নে ৮.৭ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়ার একদিন পরেই এই দরপতন ঘটল।
চীনের কেন্দ্রীয় ব্যাংক গত সোমবার তাদের বেঞ্চমার্ক ঋণের হার টানা ১০ মাসের মতো অপরিবর্তিত রেখেছে। ৫ বছর মেয়াদী ঋণের হার ৩.৫% এবং ১ বছর মেয়াদী হার ৩% এ রাখা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার কোস্পি (Kospi) সূচক ০.৬৪% বেড়েছে এবং ক্ষুদ্র মূলধনী কোসডাক (Kosdaq) ১.৬৮% লাভ করেছে। জাপানের বাজার সরকারি ছুটির কারণে বন্ধ ছিল।