শিরোনাম
ডেকান ক্রনিকল-এর সৌজন্যে
প্রকাশ: ০৮:৩২, ১৯ মার্চ ২০২৬ | আপডেট: ০৮:৩৩, ১৯ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত।
দিল্লির দক্ষিণ-পশ্চিম পালম এলাকায় বুধবারে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশুসহ এক পরিবারের নয়জন সদস্য নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, রাম চক বাজারের পালম মেট্রো স্টেশনের পাশের ওই ভবনটি থেকে বাঁচার চেষ্টায় ওপর থেকে লাফিয়ে পড়ে আরও তিনজন আহত হয়েছেন।
পাঁচতলা এই ভবনটির নিচতলা ও দোতলায় একটি কাপড় ও প্রসাধনীর শোরুম ছিল। শোরুমের মালিক রাজেন্দ্র কাশ্যপের পরিবার ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় বসবাস করতেন। সকাল ৭টা ৪ মিনিটে পালম ভিলেজ থানায় আগুনের খবর পৌঁছালে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়। উদ্ধারকৃতদের মধ্যে নয়জনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে ৩৩ বছর বয়সী প্রবেশ, ৩৯ বছর বয়সী কামাল, ৩৫ বছরের আশু, ৭০ বছরের লাডো, ২২ বছরের হিমাংশি, ২৮ বছরের দীপিকা এবং ১৫, ৬ ও ৩ বছর বয়সী তিন শিশু রয়েছে। এছাড়া ৩২ বছর বয়সী অনিল এবং দুই বছরের একটি শিশু চিকিৎসাধীন রয়েছে। শচীন নামের ২৯ বছর বয়সী এক যুবক ২৫ শতাংশ দগ্ধ অবস্থায় সফদরজং হাসপাতালে ভর্তি আছেন।
আগুন নেভাতে এবং উদ্ধারকাজে দমকল বাহিনীর ৩০টি ইঞ্জিন এবং ১১টি অ্যাম্বুলেন্স অংশ নেয়। পুলিশ, বিএসইএস, বিমান বাহিনী পুলিশ এবং এনডিআরএফ কর্মীরাও এই অভিযানে যোগ দেন। জনাকীর্ণ বাজার এলাকার সরু গলি ও ধোঁয়ায় আচ্ছন্ন ভবনের ভেতর থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করবে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি এবং পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।