শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০:২৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত।
মঙ্গলবার নেপালের রামেছাপ জেলায় একটি যাত্রীবাহী বাস তামাকোশি নদীতে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন, তবে কিছু প্রতিবেদন অনুযায়ী মৃতের সংখ্যা ১২ জনে পৌঁছেছে বলে বলা হয়েছে।
অরিনিকো ট্রান্সপোর্ট কমিটির পরিচালিত ওখলঢুঙ্গা অভিমুখী বাসটি মঙ্গলবার সকালে মন্থলী পৌরসভা-৬ এর মাসানেতার এলাকায় রাস্তা থেকে ছিটকে প্রায় ৫০ মিটার নিচে নদীতে পড়ে যায়, খবর হিমালয়ান টাইমসের।
প্রাথমিক পুলিশ প্রতিবেদন অনুযায়ী মৃতের সংখ্যা ১০ বলা হলেও, জেলা প্রশাসন কার্যালয়ের সাম্প্রতিক তথ্যে জানানো হয়েছে যে উদ্ধার অভিযানে দুর্ঘটনাস্থল থেকে আরও ছয়টি মরদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা ১২-তে দাঁড়িয়েছে। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জন মারা যান।
দুর্ঘটনায় বাসচালকসহ আটজন আহত হয়েছেন। নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অভিনারায়ণ কাফলের মতে, আহতদের মধ্যে সাতজনকে ধুলিখেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে।
বাসটি (প্রদেশ ০৩-০১-০০৫ খা ৯৯৭৫) কাঠমান্ডুর জাড়িবুটি এলাকা থেকে রামেছাপের ধোবি হয়ে ওখলঢুঙ্গার পোলকালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট ভোলা ভট্ট জানান, গাড়িটি পানিতে ডুবে থাকায় উদ্ধারকাজ চালানো মুশকিল হয়ে পড়েছে। রামেছাপ জেলা পুলিশ অফিস, সশস্ত্র পুলিশ বাহিনী এবং খুরকোটের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দলগুলো ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
সশস্ত্র পুলিশ বাহিনীর একটি ডুবুরি দল নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।