শিরোনাম
বিবিসি নিউজ বাংলা
প্রকাশ: ১২:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে 'সংলাপ সহজতর' করার উদ্দেশ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরান।
সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে এই বার্তা জানিয়েছেন।
পাকিস্তান এবং আফগানিস্তানকে “ভালো প্রতিবেশীর মতো সম্পর্ক রাখতে এবং সংলাপের মাধ্যমে মতপার্থক্য মেটানোর” আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগেও দুই দেশের মধ্যে যখন সীমান্ত সংক্রান্ত উত্তেজনা বাড়ছিল, সেই সময়েও একই প্রস্তাব দিয়েছিল ইরান।
পাকিস্তানের সঙ্গে আফগান তালেবানের প্রচলিত যুদ্ধের সম্ভাবনা কম
আফগানিস্তানের তালেবানের পক্ষে পাকিস্তানের সঙ্গে প্রচলিত যুদ্ধ করার সম্ভাবনা কম বলে বিবিসি উর্দুকে বলছেন বেশ কিছু বিশ্লেষক।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সামরিক সক্ষমতার বড় ধরনের পার্থক্য রয়েছে।
পারমাণবিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়মিত বিশ্বের সামরিক শক্তির শীর্ষ ১৫ দেশের মধ্যে স্থান পেয়ে থাকে।
অন্যদিকে আফগান তালেবানের একই ধরনের সামরিক সক্ষমতার ঘাটতি রয়েছে এবং তারা নিজেরাই অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি।
তালেবান বাহিনীর হাতে থাকা অস্ত্র মূলত তিনটি উৎস থেকে এসেছে- সাবেক আফগান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্র, দেশ ছেড়ে যাওয়া বিদেশি বাহিনীর রেখে যাওয়া সামরিক সরঞ্জাম এবং কালোবাজারসহ বিভিন্ন উৎস থেকে নতুন করে সংগ্রহ করা অস্ত্র।
বিশেষজ্ঞরা বলেন, অতীতের সীমান্ত সংঘর্ষের ভিডিওতে দেখা যায়, তালেবান বাহিনী বেশির ভাগ ক্ষেত্রেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হালকা অস্ত্র ব্যবহার করেছে।
তবে বিশ্লেষকদের মতে, তালেবানদের গেরিলা যুদ্ধের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
একজন আফগান নিরাপত্তা বিশ্লেষক বিবিসি উর্দুকে বলেন, পাকিস্তানি বাহিনীর সঙ্গে তালেবানদের অনেক সংঘর্ষেই অতর্কিত হামলা ও সড়কপথে বোমা পেতে রাখার মতো গেরিলা কৌশল ব্যবহার করা হয়।
আফগানিস্তানের নানগারহার প্রদেশের উমারি শরণার্থী শিবিরে পাকিস্তানি হামলায় কমপক্ষে নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ওই শিবিরে পাকিস্তান থেকে ফেরত আসা শরণার্থীরা বাস করেন।
নানগারহারের জনস্বাস্থ্য বিভাগের পরিচালক আমিনুল্লাহ শরীফ জানিয়েছেন, আহতদের মধ্যে সাতজন নারী ও দু'জন পুরুষ রয়েছেন। তাদের প্রত্যেকেই পাকিস্তান থেকে ফিরে আসা শরণার্থী।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।
গত রাতে ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানি সেনা পোস্টে পাল্টা হামলা চালায় তালেবান বাহিনী। জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালায়। কাবুলসহ বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।
দুই পক্ষই হতাহতের বিষয়ে দাবি করেছে। তবে এই বিষয়ে সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। এদিকে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক চলমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন।
গুতেরেস দুই দেশকে আন্তর্জাতিক আইন—বিশেষত আন্তর্জাতিক মানবাধিকার আইন—কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।
এদিকে সীমান্ত সংঘর্ষ ও প্রাণঘাতী বিমান হামলার প্রেক্ষাপটে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন টুর্ক।